মো: সোহরাওয়ার্দী হোসেন;
সিরাজগঞ্জ প্রতিনিধি ;
প্রশাসনের কঠোর উচ্ছেদ অভিযানের কালি শুকাতে না শুকাতেই সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাঁতী বাজার আবারও দখল হয়ে গেছে অবৈধ ব্যবসায়ীদের দখলে। সাধারণ মানুষের অবিতর্কিত চলাচলের পথ নিশ্চিত করতে প্রশাসনের দিনব্যাপী অভিযানের কয়েক ঘণ্টা পার হতে না হতেই পুনরায় ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসানোর অভিযোগ উঠেছে।
১লা সেপ্টেম্বর সকালে মুকুন্দগাঁতী এলাকার জনবহুল রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে একটি সাঁড়াশি অভিযান চালানো হয়। সড়ক থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফেরানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। সারাদিন প্রশাসনের এমন তৎপরতার পর জনমনে স্বস্তি ফিরলেও স্থায়ী সুফল মেলেনি।
অভিযানের রেশ কাটতে না কাটতেই একই দিন বিকেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই স্থানে পুনরায় পণ্যের পসরা সাজিয়ে বসেন এক অসাধু ব্যবসায়ী। প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করার এমন বেপরোয়া দৃশ্যে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সারাদিনের উচ্ছেদ অভিযানের পর মুহূর্তের মধ্যে ফুটপাত আগের মতো বেদখল হয়ে যাওয়ায় প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। ফুটপাতে দীর্ঘস্থায়ী শৃঙ্খলা নিশ্চিত করতে এবং আইনের শাসন বজায় রাখতে অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ফুটপাত পুনরায় দখল রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ও কঠোর নজরদারির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo