এ এইচ এম জয়নাল আবেদীন
জেলা প্রতিনিধি ;
ইতালি সরকারের রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য স্টার অব ইতালি’তে ভূষিত হওয়ায় রামু জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমসের প্রতিষ্ঠাতা ও অনাথপিতা ফাদার লুইজি লুপিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়েছে।
রামু জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমস (শিশু সদন)-এর পক্ষ থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ফাদার লুইজি লুপিকে এ সংবর্ধনা প্রদান করা হয় এবং একই সাথে ফাদার লুইজি লুপির ৮০ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শিশুদের কল্যাণে দীর্ঘদিন ধরে তাঁর মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ইতালি সরকার তাঁকে এ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করেছে। এ সময় শিশু সদনের পক্ষ থেকে ফাদার লুইজি লুপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতা করেন, জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমসের প্রতিষ্ঠাতা ও অনাথপিতা ফাদার লুইজি লুপি। জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমস পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিষ্টার জোর্তিম্ময় বড়ুয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া।
সাংগঠনিক সম্পাদক পলক বড়ুয়া আপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, সহ-সভাপতি তরুপ বড়ুয়া, যুগ্ম-সম্পাদক প্রবাল বড়ুয়া নিশান, অর্থ সম্পাদক তুহিন বড়ুয়া সানু, প্রচার সম্পাদক সুকুমার বড়ুয়া বুলু, যোগাযোগ সম্পাদক জীবক বড়ুয়া, নির্বাহী সদস্য সুদেশ বড়ুয়া, সুদত্ত বড়ুয়া ও মালামি মারমা।
ফাদার পিয়েত্রো লুইজি লুপি একজন ইতালীয় জ্যভেরিয়ান মিশনারি পুরোহিত। বাংলাদেশে দীর্ঘ বছর ধরে তিনি দরিদ্র, সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষা, চিকিৎসা, আশ্রয় ও মানবিক সহায়তায় কাজ করে আসছেন। তিনি কক্সবাজারের রামুতে জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমস প্রতিষ্ঠাতা করে অনাথ ও অসহায় শিশুদের জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন।
পাশাপাশি কক্সবাজার, খুলনা, সাতক্ষীরা, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠী এবং পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষা নিয়ে তিনি দীর্ঘ বছর ধরে কাজ করে যাচ্ছেন। এ ছাড়াও ফাদার পিয়েত্রো লুইজি লুপি আফ্রিকা, মধ্য আমেরিকায় অবহেলিত শিশুদের জন্য কাজ করছেন। তাঁর এই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ইতালি সরকার রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য স্টার অব ইতালি' সম্মাননা প্রদান করেছে।
জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমস পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক পলক বড়ুয়া আপ্পু জানান, মানবদরদী অনাথপিতা ফাদার লুইজি লুপি কক্সবাজারের রামুতে অনাথ শিশুদের জন্য জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমস প্রতিষ্ঠাতা করেন, ১৯৯৩ সালে।
তিনি বাংলাদেশ, আফ্রিকা, মধ্য আমেরিকায় প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষা উন্নয়নে দীর্ঘ বছর কাজ করেছেন। হাজার হাজার অনাথ শিশুকে শিক্ষা সহায়তা দিয়ে সামাজিকভাবে প্রতিষ্ঠা করেছেন। তাঁর সহায়তা পাওয়া সেই অনাথ শিশুরা আজ দেশ বিদেশে আলোকিত স্থানে অবস্থান করছেন। মানব হিতৈষী ফাদার লুইজি লুপি সামজিক সম্প্রীতি রক্ষায় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার ক্ষেত্রেও বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন। শিক্ষার পাশাপাশি দূরারোগ্যে আক্রান্তদের সহযোগিতা দিয়ে মানবতার দৃষ্টান্ত রেখেছেন। তাঁর মানবিক কর্মকাণ্ডের জন্য ইতালি সরকার রাষ্ট্রীয় পুরস্কার ‘অর্ডার অব দ্য স্টার অব ইতালি’ প্রদান করেছে। এ প্রাপ্তি জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমসেরও। এ অর্জনে মানবদরদী অনাথপিতা ফাদার লুইজি লুপিকে রামু জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমস এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়ে এবং একই সাথে মানবদরদী এ মানুষটির ৮০ তম জন্মদিন উদযাপন করা হয়।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo