এ এইচ এম জয়নাল আবেদীন;
জেলা প্রতিনিধি ;
শিক্ষার্থীদের গবেষণামুখী করতে কক্সবাজার সিটি কলেজে ‘Importance of Research’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে স্থানীয় পরিবেশ, জনস্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, জলবায়ু পরিবর্তন ও সামাজিক সমস্যা নিয়ে তথ্যভিত্তিক গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করেন বক্তারা।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক শারমিন সিদ্দিকা লিমা। প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রোগ্রামার শাহাব উদ্দিন রানা ও CCDRC-এর প্রতিষ্ঠাতা মো. আরিফ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন কলেজের সহকারী অধ্যাপক এহসান উদ্দিন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক নয়ন পাল ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইউনূস। সেমিনার সঞ্চালনা করেন CCDRC-এর সদস্য সানজিদা আলম।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আকতার উদ্দিন চৌধুরী বলেন, গবেষণা শুধু বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার বিষয় নয়, শিক্ষাজীবনের শুরু থেকেই এর চর্চা করা প্রয়োজন। শিক্ষার্থীরা নিজেদের চারপাশের পরিবেশ, জনস্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, জলবায়ু পরিবর্তন ও সামাজিক সমস্যা পর্যবেক্ষণ করে তথ্যভিত্তিকভাবে বিশ্লেষণ করতে পারে। এতে তাদের চিন্তাশক্তি ও যুক্তিবোধ বাড়বে।
শাহাব উদ্দিন রানা বলেন, গবেষণার শুরু সঠিক প্রশ্ন তৈরির মাধ্যমে। এরপর নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ, তথ্যের সত্যতা যাচাই ও বিশ্লেষণ করতে হয়। অনলাইনে সহজে তথ্য পাওয়া গেলেও সব তথ্য নির্ভরযোগ্য নয়। তাই উৎস যাচাই ও গবেষণার নৈতিকতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হতে হবে।
মো. আরিফ উল্লাহ বলেন, গবেষণার জন্য সব সময় বড় বাজেট বা অত্যাধুনিক ল্যাবরেটরি প্রয়োজন হয় না। সঠিক পরিকল্পনা, পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণের দক্ষতা থাকলে ছোট পরিসরেও গবেষণা করা সম্ভব। কক্সবাজারের পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জীবিকা, শিক্ষা ও পর্যটন নিয়ে শিক্ষার্থীদের গবেষণার সুযোগ রয়েছে। গবেষণার ফলাফল সমাজ ও নীতিনির্ধারকদের কাছে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।
এহসান উদ্দিন বলেন, গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে অনুসন্ধানী ও সৃজনশীল শিক্ষায় অভ্যস্ত হতে পারে। এ জন্য শ্রেণিকক্ষের পাশাপাশি মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও বাস্তবভিত্তিক প্রকল্পে শিক্ষার্থীদের যুক্ত করা প্রয়োজন।
নয়ন পাল বলেন, গবেষণায় তথ্য সংগ্রহের পাশাপাশি তা সঠিকভাবে ব্যাখ্যা করার দক্ষতাও জরুরি। ব্যক্তিগত মতামতের পরিবর্তে প্রমাণ ও নির্ভরযোগ্য তথ্যকে গুরুত্ব দিতে হবে। গবেষণাপত্রে তথ্যের উৎস উল্লেখ এবং অন্যের কাজের প্রতি সম্মান দেখানোর পরামর্শ দেন তিনি।
মোহাম্মদ ইউনূস বলেন, গবেষণার অভ্যাস শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য প্রস্তুত করে। এর মাধ্যমে প্রতিবেদন লেখা, তথ্য উপস্থাপন, দল পরিচালনা, সময় ব্যবস্থাপনা ও সমস্যা সমাধানের মতো দক্ষতা অর্জন করা যায়। কলেজ পর্যায়ে গবেষণা ক্লাব ও শিক্ষার্থীভিত্তিক গবেষণা প্রকল্প চালুর প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে শারমিন সিদ্দিকা লিমা বলেন, শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষক, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় সমস্যা নিয়ে তথ্য সংগ্রহ করে তার কারণ ও সম্ভাব্য সমাধান খোঁজাও গবেষণার অংশ।
সেমিনারে শিক্ষার্থীরা গবেষণার বিষয় নির্বাচন, প্রশ্নমালা তৈরি, সাক্ষাৎকার গ্রহণ, তথ্য সংরক্ষণ, প্রতিবেদন লেখা ও উপস্থাপনা নিয়ে বক্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। অনলাইন তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই এবং সীমিত সময় ও অর্থে গবেষণা পরিচালনার বিষয়েও তারা জানতে চান।
সেমিনারে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া, পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ানো, প্রশ্ন করতে শেখা এবং গবেষণার নৈতিকতা মেনে চলার পরামর্শ দেন বক্তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক তাহিয়ান কামাল, সদস্যসচিব যিয়া উল হক, সানজিদা আলম, মো. ফাহিম, রফিকুল ইসলাম সাইদি, স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম বাংলাদেশের ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন আরিফ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মনির আজিম, আইপিপির সভাপতি আফিয়া আকতার ও সদস্য পাপিয়া বড়ুয়া।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo