কাউখালী(পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার বড় বিড়ালজুড়ি এলাকায় মারকাজুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই মানবিক কার্যক্রমে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
শনিবার (২৬সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে এ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। স্থানীয় সাধারণ মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি স্বল্প খরচে চশমা ও প্রয়োজনীয় সার্জারি করানোর সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
চিকিৎসা শিবিরে স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় চিকিৎসকরা রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন।
অনুষ্ঠানে মাওলানা মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি এন.এস.কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ ইলিয়াস খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো.ইউসুফ আলী আঁকন, ইউপি সদস্য মো. আজম খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চক্ষু চিকিৎসা শিবিরটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মারকাজুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো.আবিদ হাসান (রিপন)। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মাওলানা মুফতি আবু ত্বলহা মাহমুদ।
চিকিৎসাসেবা কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল,কাউখালী, পিরোজপুর।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো.আবিদ হাসান (রিপন) বলেন, “এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
স্থানীয়রা জানান,একটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষাদানের পাশাপাশি এমন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo