মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;
লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে জানাজা শেষে কুমিল্লার হোমনা পৌরসভার লটিয়া গ্রামের সামাজিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
পরিবারের সদস্যরা জানান, লাশ গ্রামে পৌঁছানোর পর মা ও মেয়েদের একনজর দেখতে শত শত মানুষ ভিড় করেন। পরে লাশগুলো মেঘনা নদীর পূর্ব তীরে অবস্থিত কবরস্থানে নেওয়া হয়। রাত ১০টায় কবরস্থান সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাত ১টার দিকে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন করা হয়।
নিহতদের লাশ এলাকায় আসার পর এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজন ও এলাকাবাসী অশ্রুসিক্ত নয়নে তাদের শেষ বিদায় জানান।
স্থানীয় আলমগীর হোসেন বলেন, "এ ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। একই পরিবারের মা ও তিন মেয়ে খুন হওয়ার খবর শোনার পর থেকে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবারটি গরিব হলেও সন্তানগুলো ছিল অত্যন্ত মেধাবী, নম্র, ভদ্র ও সহজ-সরল। তাই গ্রামের প্রতিটি মানুষের তাদের প্রতি আলাদা সহানুভূতি ছিল। শুধু আশপাশের ১০ গ্রাম নয়, দূর-দূরান্ত থেকেও মানুষ এসে খোঁজখবর নিয়েছেন।"
নিহত শাহীনুরের দেবর জামাল হোসেন বলেন, "প্রায় ৩০ বছর আগে আমার বড় ভাই কামাল হোসেন রায়পুরে গিয়ে ব্যবসা শুরু করেন। সাত বছর আগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে পরিবারটি ছেলে সিফাতের আয় এবং স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় চলত। এখন সিফাতের লেখাপড়া নিয়ে আমরা চিন্তিত।"
উল্লেখ্য, লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় মা ও তিন মেয়ে নিহতের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo