মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
ডেঙ্গুর বিস্তার রোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নরসিংদীর মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মনোহরদী পৌরসভার উদ্যোগে শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে এ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দেন মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজীব মিয়া। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
মো. সজীব মিয়া বলেন, জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর আওতায় গত ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলবে। এ বিষয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মীদের অবহিত করা হয়েছে। এর অংশ হিসেবে মনোহরদী পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ, জমে থাকা পানি পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে এডিস মশার বিস্তার বাড়ার আশঙ্কা থাকায় বাড়িঘর, সড়ক, ড্রেন, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কোথাও পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি হচ্ছে কি না, সেদিকেও নজরদারি করা হচ্ছে।
এর আগে ২৬ সেপ্টেম্বর মনোহরদী পৌরসভার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo