বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে পিরোজপুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদারের নেতৃত্বে নেতা-কর্মীদের একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বাধীন মূল ধারার কর্মসূচিতে গিয়ে একীভূত হয়। পরবর্তীতে জেলা নেতৃবৃন্দের যৌথ উপস্থিতিতে নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি সমন্বিত বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে নেতা-কর্মীরা দেশবিরোধী অপতৎপরতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে নানা স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার। তিনি বলেন, "একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। তবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল রাজপথে সব অপচেষ্টা প্রতিহত করতে প্রস্তুত। কোনো চক্রান্তই দেশের শান্তি ও স্থিতিশীলতা বাধাগ্রস্ত করতে পারবে না।"
উক্ত প্রতিবাদ কর্মসূচি ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিবসহ জেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo