মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
পিরোজপুর সদর থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে শুভ হালদার (২৫) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস,এম আল আমীন-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেন-এর সমন্বয়ে একটি বিশেষ রেইডিং টীম গঠিত হয়। এই টীম পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ইয়াবাসহ শুভ হালদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শুভ হালদার পিরোজপুর সদর থানার ৪নং ওয়ার্ডের খুমুরিয়া গ্রামের বাসুদেব হালদারের ছেলে।
পরবর্তীতে ঘটনাস্থলেই বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজু করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় আসামী শুভ হালদারকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
এ সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস,এম আল আমীন জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে জেলা প্রশাসনের এই ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পিরোজপুর জেলার সর্বত্র নিয়মিত অব্যাহত থাকবে।"
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে আমাদের রেইডিং টীম আজ সফলভাবে এই অভিযানটি পরিচালনা করেছে। পিরোজপুরকে মাদকমুক্ত করতে আমাদের এই কঠোর নজরদারি ও চিরুনি অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না।"
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo