মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নরসিংদীর মনোহরদীতে তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ স্কাউটসের মনোহরদী উপজেলা শাখা। ‘তালবীজ রোপণ করি, বজ্রপাত নিরোধ করি’ এবং ‘সবুজ বনায়নে ভবিষ্যতের নিরাপদ বাংলাদেশ গড়ি’—এই স্লোগান সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) ৪:৩০ মিনিটের সময় ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের গোখলা থেকে হাতিরদিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের দুই পাশে তালবীজ রোপণ করা হয়। এ কর্মসূচিতে প্রায় ২ হাজার তালগাছের বীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, বদরুল ইসলাম মোল্লা বাবুল, সাবেক ভিপি ও বিএনপি নেতা গোলাম মোস্তফা এবং স্কাউটসের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাতে প্রাণহানির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। তালগাছের মতো উঁচু গাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ। তাই বনায়ন বাড়ানোর পাশাপাশি বজ্রপাত মোকাবিলায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
কর্মসূচিতে স্থানীয় স্কাউটদের তরুণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাঁরা সড়কের পাশে তালবীজ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখেন।
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo