মো: সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় সরকারি বরাদ্দে কেনা মূল্যবান সড়ক ডিভাইডার ও অবকাঠামোগত উপকরণ অযত্ন-অবহেলায় পড়ে নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের করের টাকায় কেনা এসব জনগুরুত্বপূর্ণ উপকরণ রাস্তার পাশে ময়লার ভাগাড় ও ঝোপঝাড়ে ফেলে রাখায় একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে পরিবেশের স্বাভাবিক সৌন্দর্য।
সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কে ‘রোডসাইড ডেভেলপমেন্ট অ্যান্ড বর্জ্য ব্যবস্থাপনা ইনিশিয়েটিভ’ সাইনবোর্ড সংলগ্ন এলাকায় খোলা আকাশের নিচে ময়লার স্তূপের পাশেই ফেলে রাখা হয়েছে একাধিক ধাতব ও কংক্রিটের ডিভাইডার। দীর্ঘদিন ধরে এভাবে ফেলে রাখায় লতাপাতা ও আগাছায় ঢেকে যাওয়ার উপক্রম হয়েছে এসব ভারী ও মূল্যবান সামগ্রী। অথচ সঠিক উপায়ে সংরক্ষণ বা ব্যবহার করা হলে ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক শৃঙ্খলা রক্ষায় এগুলো বড় ভূমিকা রাখতে পারত।
স্থানীয় সচেতন মহল ও পথচারীদের ক্ষোভ প্রকাশ করে জানান, যেখানে পৌর এলাকার বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য ডিভাইডারগুলোর জরুরি প্রয়োজন রয়েছে, সেখানে এগুলো ময়লার বাগানে ফেলে রাখা চরম দায়িত্বহীনতার পরিচায়ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবেই কোটি টাকার সরকারি সম্পদ আজ ডাস্টবিনের জঞ্জালে পরিণত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “জনগণের ঘামঝরানো ট্যাক্সের টাকায় কেনা জিনিসগুলো এভাবে নষ্ট হওয়া মানেই রাষ্ট্রীয় অর্থের অপচয়। সঠিক সময়ে এগুলো গোডাউনে বা উপযুক্ত স্থানে সংরক্ষণ করা উচিত ছিল।”
এ ব্যাপারে বেলকুচি পৌর কর্তৃপক্ষের দায়িত্বশীল কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও, সচেতন নাগরিক সমাজ মনে করছেন—দ্রুত এই অবহেলিত ও পড়ে থাকা সম্পদগুলো উদ্ধার করে যথাযথ রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় কাজে ব্যবহার করা উচিত। একইসঙ্গে এই অপচয়ের পেছনে সংশ্লিষ্টদের উদাসীনতা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo