মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম-২০২৬ বাস্তবায়নে নরসিংদীর মনোহরদী উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পরিবারের তথ্য সংগ্রহের জন্য ১২৮ জন তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপারভাইজারসহ মোট ১৪১ জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এ কার্যক্রমে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি প্রতারণা রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তথ্য সংগ্রহের সময় পরিবারের সদস্যসংখ্যা, পেশা, আয়, বসতবাড়ি ও জীবিকাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে। সংগৃহীত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি ও যাচাইয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড কার্যক্রমকে কেন্দ্র করে কেউ অর্থ দাবি করলে, অবৈধ সুবিধা দেওয়ার প্রলোভন দেখালে কিংবা ভুল তথ্য দিতে প্ররোচিত করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ফ্যামিলি কার্ড পাওয়ার নামে কাউকে কোনো অর্থ না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তথ্য সংগ্রহ সম্পন্ন হলেই ফ্যামিলি কার্ড পাওয়া নিশ্চিত হবে না। কার্ড প্রদান ও সুবিধা নির্ধারণের ক্ষেত্রে সরকার নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার শর্ত অনুসরণ করা হবে। তাই সরকারি নির্দেশনা ছাড়া কার্ড পাওয়ার যোগ্যতা, সুবিধার পরিমাণ ও বিতরণের সময়সূচি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
এ প্রসঙ্গে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নবিষয়ক উপজেলা কমিটির সভাপতি মাহমুদুল হাসান নাগরিকদের সঠিক তথ্য প্রদান, তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা, গুজব এড়িয়ে চলা এবং প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, তথ্য সংগ্রহে স্বচ্ছতা, কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সহযোগিতা এ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মনোহরদী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রম-২০২৬ বাস্তবায়নের এ প্রস্তুতি নেওয়া হয়েছে।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo