মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার ;
রাজশাহীর মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়মিত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় হলরুমে কর্মকর্তা ও শিক্ষকদের অংশগ্রহণে এই সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার লায়লা আঞ্জুমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল হোসেন ও আব্দুর মান্নান। সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে আরও যত্নশীল হওয়ার তাগিদ দেন। বিশেষ করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়সমূহের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম জোরদারকরণ, ডিজিটাল হাজিরার তদারকি এবং শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে নানা দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার ভিত্তি। কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং গৃহীত সিদ্ধান্তসমূহ নিজ নিজ বিদ্যালয়ে যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo