মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
‘এক শিশু, এক গাছ’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা ও পরিবেশ-জলবায়ু বিষয়ে সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি। এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার তারাকান্দী উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলার নোয়াকান্দী হাজী আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয়, অজুনচর উচ্চ বিদ্যালয় ও তারাকান্দী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকেরা জানান, শুধু গাছ লাগানো নয়, শিক্ষার্থীদের দিয়ে সেই গাছের নিয়মিত পরিচর্যা করানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তারাকান্দী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মো. শফিকুল ইসলাম আপেল, দীপক কুমার বর্মণ প্রিন্স, মো. সুরুজ মিয়া ও রায়হান উদ্দিন বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান। সঞ্চালনা করেন নরসিংদী জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাসিন কবির।
বক্তারা বলেন, নির্বিচারে গাছ কাটা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণের কারণে প্রকৃতি আজ চরম ঝুঁকিতে। এ পরিস্থিতি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার সঙ্গে যুক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম পরিবেশ রক্ষায় আরও দায়িত্বশীল হয়ে উঠবে।
কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। একটি শিশু একটি গাছ লাগিয়ে তার পরিচর্যা করলে সেই গাছই একদিন পরিবেশ রক্ষার বড় শক্তিতে পরিণত হবে।
আয়োজকেরা জানান, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় শিক্ষার্থীদের গাছ লাগানো, পরিচর্যা ও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করা হচ্ছে।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo