মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;
স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)র কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ৫২ জলদস্যু। ৩১ আগস্ট সোমবার আনুষ্ঠানিকভাবে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করে জলদস্যুরা।
১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে খুলনাস্থ র্যাব-৬ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
র্যাব জানায়, সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় সুন্দরবনে সক্রিয় বিভিন্ন জলদস্যু বাহিনীর সদস্যরা অপরাধমূলক জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেন।
আত্মসমর্পণকারী সদস্যদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন। সব মিলিয়ে চারটি বাহিনীর মোট ৫২ জন সদস্য আত্মসমর্পণ করেছেন।
র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, সুন্দরবনের প্রতিকূল পরিবেশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান এবং অপরাধমূলক জীবনের অনিশ্চয়তার কারণে এসব দস্যু সদস্য স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেন। সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি, মৌয়ালসহ হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায় এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে আতঙ্কের মধ্যে ছিলেন। তবে একযোগে চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ সুন্দরবনের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুদের অপতৎপরতা থেকে মুক্ত রাখা এবং বননির্ভর জনগোষ্ঠীর জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার। জলদস্যুতা, অপহরণ, মুক্তিপণ আদায়সহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। আত্মসমর্পণকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে র্যাব।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo