মোঃ ফিরোজ আহমেদ
আত্রাই (নওগাঁ)প্রতিনিধিঃ
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা একসঙ্গে সম্পন্ন হয়েছে। জানাজায় স্বজন, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। জানাজাকে ঘিরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে নিহত সাতজনের জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। তাঁদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। বিমানবন্দর থেকে প্রশাসনের সহযোগিতায় মরদেহগুলো রাত ১টার দিকে আত্রাইয়ে পৌঁছায়।
শুক্রবার সকালে জানাজার আগে স্বজন ও স্থানীয়রা নিহতদের শেষবারের মতো দেখতে ভিড় করেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হন। সেখানে পারিবারিকভাবে তাঁদের দাফন সম্পন্ন করার কথা রয়েছে।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন,নিহতদের পরিবারগুলোকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে।ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে তাঁদের সহযোগিতা অব্যাহত থাকবে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।”
সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকা অনুযায়ী, নিহত সাতজন হলেন আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।
মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo