
মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
উপজেলায় পোনা মাছ নিধন রোধে নিষিদ্ধ জালের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে পরিচালিত এ অভিযানে চিরাপাড়া নদীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ঘাট থেকে শুরু করে বড় বিড়ালজুরি খাল পর্যন্ত বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে মোট ১২টি নিষিদ্ধ চরঘেরা জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের মোট দৈর্ঘ্য আনুমানিক ১৫ হাজার মিটার এবং যার বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে জানা গেছে।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িত জেলেরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত জালসমূহ জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে তা পুড়িয়ে বিনষ্ট করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, ১লা নভেম্বর থেকে ৩০শে জুন এই ৮ মাস “পোনা মাছ সংরক্ষণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। যারা এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকবে,তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”তিনি আরও জানান,ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্থানীয় জেলেদের সচেতন করতে প্রচারণাও জোরদার করা হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে কাউখালী উপজেলা নৌ পুলিশ। স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে নদীতে মাছের প্রজনন বৃদ্ধি পাবে এবং মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।