মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস;

যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১;

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মো. মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের একদিন পর মাহবুল হোসেন (২৮) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলায় নাঈম ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকায় সড়কের পাশের ঝোপ থেকে মাহবুলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহবুল মুরাদনগরের গকুলনগর গ্রামের বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন। গ্রেপ্তার নাঈম ইসলাম দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ টিলি গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে মুরাদনগরের নগরপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাত প্রায় ১০টার দিকে মাহবুল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন, দুজন যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়ে দ্রুত ফিরে আসবেন। কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

পরদিন শুক্রবার সারাদিন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। শনিবার দুপুরে স্থানীয়রা বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকায় ঝোপের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনরা মরদেহটি মাহবুলের বলে শনাক্ত করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে মাহবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা নুরুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ শনিবার বিকেলে অভিযান চালিয়ে নাঈম ইসলামকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, ছিনতাই হওয়া অটোরিকশাটি কোদালকাটা-মির্জাপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে রবিবার (২১ জুন) আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews