
মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়ীয়ায় আদালতের আদেশ বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দখলবিরোধের অবসান ঘটিয়ে প্রকৃত মালিক মোস্তফা আকনকে তার আড়াই শতক জমির দখল বুঝিয়ে দিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উপস্থিতিতে আদালতের রায় কার্যকর হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
রবিবার (২১জুন) বেলা ১১টার দিকে উপজেলার বকসির ঘটিচোরা মৌজার এসএ ১৮২২ নম্বর দাগভুক্ত আড়াই শতক জমিতে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। আদালতের আদেশ অনুযায়ী জমির দখল প্রকৃত মালিক মোস্তফা আকনের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
জানা যায়,দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক ভোগদখল করে আসছিলেন রিয়াজুল ইসলাম। জমির মালিক মোস্তফা আকন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩-এর ৮ ধারায় আদালতে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত মোস্তফা আকনের অনুকূলে রায় প্রদান করে জমি পুনরুদ্ধারের নির্দেশ দেন। পরবর্তীতে আদালতের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
ভুক্তভোগী মোস্তফা আকন বলেন, “দীর্ঘদিন ধরে আমি আমার নিজস্ব জমির দখল থেকে বঞ্চিত ছিলাম। অনেক চেষ্টা ও আইনি প্রক্রিয়া অনুসরণ করার পর আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। আজ আমার জমি ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত। এজন্য আদালত ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন,“আদালতের নির্দেশনা অনুযায়ী ভূমি পুনরুদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় আদালতের আদেশ বাস্তবায়নে প্রশাসন সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”
মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার বলেন, “কোনো ব্যক্তি অন্যায়ভাবে জমি থেকে দখলচ্যুত হলে তিনি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩-এর ৮ ধারার আওতায় আদালতের শরণাপন্ন হতে পারেন। আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের ভূমি অধিকার নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।”
দখল পুনরুদ্ধার কার্যক্রম চলাকালে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুর রহিম,সার্ভেয়ার ইমরান হোসেন উপস্থিত ছিলেন। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঠবাড়ীয়া থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করে।
স্থানীয়রা আদালতের রায় দ্রুত বাস্তবায়ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে,এ ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে এবং ভূমি দখল সংক্রান্ত অপরাধ নিরুৎসাহিত করবে।