শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

জামালপুরে চাল কালোবাজারির সিন্ডিকেটের কবলে সরিষাবাড়ী খাদ্যগুদাম, তদন্ত ও হস্তক্ষেপের দাবি;

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পঠিত

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্যগুদামকে কেন্দ্র করে চাল কালোবাজারির একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও মিলসংশ্লিষ্টদের দাবি, উপজেলা খাদ্য বিভাগ, কয়েকজন চাতাল ও রাইস মিল মালিকের যোগসাজশে একটি চক্র সরকারি চাল ও ধান সংগ্রহে অনিয়ম করছে। তারা দ্রুত জেলা খাদ্য বিভাগের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, জামালপুরের মোস্তাফিদুল ইসলাম ওরফে লিংকনসহ ২–৩ জনের একটি চক্র সরিষাবাড়ী খাদ্যগুদামে নিয়মিত যাতায়াত শুরু করার পর থেকেই বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছে। অভিযোগ রয়েছে, সরকারি বিভিন্ন প্রকল্পের চাল কম দামে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। এতে একদিকে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে প্রকৃত মিলাররা ন্যায্য বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের ১১ নভেম্বর রাতে সদর উপজেলার ৫ নম্বর ইটাইল ইউনিয়নের দমদমা বকুলতলা বাজারে মোস্তাফিদুল ইসলাম লিংকনের রাইস মিলে অভিযান চালিয়ে র‍্যাব ৩৯৮ বস্তা (প্রায় ২০ মেট্রিক টন) সরকারি চাল এবং ৩৬০টি খালি সরকারি বস্তা জব্দ করে মামলা দায়ের করে। অভিযোগ ছিল, সরকারি প্রকল্পের চাল সরকারি বস্তা থেকে সরিয়ে প্লাস্টিকের বস্তায় ভরে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হতো।
এছাড়া সম্প্রতি প্রায় ১৫ টন সরকারি চাল কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে র‍্যাব-১৪ একটি ট্রাকসহ চালককে আটক করে। স্থানীয়দের দাবি, শহরে নজরদারি বাড়ায় এখন কালোবাজারিরা উপজেলার খাদ্যগুদামগুলোকে টার্গেট করছে।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ীর এসআরএফ অটো রাইস মিলের স্বত্বাধিকারী লাঞ্জু মিয়ার প্রতিষ্ঠানের নামে দুই কিস্তিতে মোট ১২৮ টন ধান বরাদ্দ দেওয়া হয়। প্রথম কিস্তির ৬৪ টন ধান থেকে চাল সরবরাহ করা হলেও দ্বিতীয় কিস্তির চাল সরবরাহে বিলম্ব হচ্ছে। অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন এলাকা থেকে সরকারি চাল সংগ্রহ করে তা গুদামে সরবরাহের চেষ্টা করছে। চালের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
অন্যদিকে স্বস্তিকা রাইস মিলের মালিক তুষার বাবুর প্রতিষ্ঠানেও ৬৪ টন ধান বরাদ্দ দেওয়া হয়েছে। জানা গেছে, তিনি নিজস্ব অর্থায়নে জামালপুরের একটি সুজার মিলে ধান ভাঙিয়ে চাল গুদামে সরবরাহের উদ্যোগ নিয়েছেন।
খাদ্য বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের নিজস্ব সক্ষমতা না থাকলে তারা নিজস্ব অর্থে অন্যত্র ধান ভাঙিয়ে চাল সরবরাহ করতে পারে। এতে সরকারের পরিবহন ব্যয় কমে এবং সরকারি অর্থ সাশ্রয় হয়।
অভিযুক্ত মোস্তাফিদুল ইসলাম লিংকনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
স্বস্তিকা রাইস মিলের স্বত্বাধিকারী তুষার বাবু বলেন, “সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমতি নিয়েই ধান সুজার মিলে পাঠানো হয়েছে। একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিচ্ছে।”
সরিষাবাড়ী উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবিনা আক্তার বলেন, “আমরা ডিও অনুযায়ী ধান গ্রহণ করি। সিন্ডিকেটের বিষয়ে অভিযোগ পেলে বিষয়টি নজরে রাখা হবে।”
জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান বলেন, “সিন্ডিকেটের বিষয়ে আমার জানা নেই। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠান চাইলে নিজস্ব খরচে ধান ভাঙিয়ে চাল গুদামে সরবরাহ করতে পারে।”
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল সরিষাবাড়ী খাদ্যগুদামে সরকারি চাল ও ধান সংগ্রহের পুরো কার্যক্রম তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews