বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। আজ সকাল থেকেই জেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্ধারিত কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম পৌঁছে দেন।
পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ নিরাপত্তা দল প্রতিটি ভোট কেন্দ্রের দায়িত্ব বুঝে নিয়েছে। বিশেষ করে দুর্গম ও চরাঞ্চল এলাকার কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছাতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পাশাপাশি র্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহল দিচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছানোর পর সেখানে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
নির্বাচন ঘিরে আত্রাইয়ে এখন উৎসবমুখর পরিবেশের পাশাপাশি বিরাজ করছে কর্মচাঞ্চল্য। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যেও স্বস্তি ও আশাবাদের সঞ্চার হয়েছে।