বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
মোঃ নুরুজ্জামান খোকন কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০ঘটিকায় কাউখালী সরকারি মহাবিদ্যালয়ে অবস্থিত সেনাবাহিনী ক্যাম্পের হলরুমে মেজর এস এম খালেদুল ইসলামের সভাপতিত্বে, ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকরা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তারা মাদক ব্যবসা ও পরিবহনে মোটরসাইকেলের অবাধ ব্যবহার,শহরের সরু সড়কে ভারী টমটম চলাচলের ফলে যানজট,অটোস্ট্যান্ডে অটোর এলোমেলো অবস্থান এবং ফুটপাত দখল করে পণ্যসামগ্রী বিক্রির কারণে যান চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।
সাংবাদিকরা বলেন,বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক। কাউখালীতে তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও সামাজিক কর্মকাণ্ড,বিশেষ করে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। আগামীতেও নির্বাচনে সেনাবাহিনীর দৃঢ় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সভাপতির বক্তব্যে মেজর এস এম খালেদুল ইসলাম বলেন, কাউখালী উপজেলায় একটি গ্রহণযোগ্য,অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই সেনাবাহিনী এখানে অবস্থান করছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান,মাদক পরিবহনে মোটরসাইকেলের ব্যবহার ও অনিবন্ধিত যানবাহন রোধে পরিচালিত অভিযানে গত দুই দিনে সাতটি মামলায় মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল ও একটি গাড়ি জব্দ করা হয়। এছাড়া যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে অটো মালিক সমিতি ও হাটবাজার নিয়ন্ত্রণে বাজার কমিটির সঙ্গে বৈঠক করা হয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি সাংবাদিকদের প্রতি নাশকতা, বিশৃঙ্খলা এবং অবৈধ অস্ত্র সংশ্লিষ্ট যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ রাশাদ করিম, সার্জেন্ট সোহরাব ও সার্জেন্ট জহির সহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।