
মোঃ ফিরোজ আহমেদ;
নওগাঁ জেলা প্রতিনিধি;
নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদারে নিজস্ব অর্থায়নে দুটি পুলিশ বক্স নির্মাণ করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
এর মধ্যে রাণীনগর উপজেলার বড়বড়িয়া রেললাইন সংলগ্ন এলাকায় একটি এবং আত্রাই উপজেলার থাঐপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় অপর একটি পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে।
স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশ বক্স দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মহাসড়কের গুরুত্বপূর্ণ দুটি স্থানে পুলিশ বক্স স্থাপনের ফলে পুলিশের নজরদারি ও উপস্থিতি বাড়বে। এতে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ যাত্রী ও পথচারীদের নিরাপত্তা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।