
মঠবাড়ীয়া প্রতিনিধি:
গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘জনপদ নিউজ ২৪ মঠবাড়ীয়া’য় ‘চাল, ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী জাহিদুল ইসলাম অভি।
এক প্রতিবাদলিপিতে কাজী জাহিদুল ইসলাম অভি বলেন, তিনি সম্প্রতি ‘কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনের উদ্যোগে সদস্য ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চাল, ডাল, তেল, মাংসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি অসহায় পরিবারের ঘর নির্মাণ, ঢেউটিন বিতরণ, রাস্তা নির্মাণ ও সংস্কার এবং দরিদ্র মানুষের মধ্যে পোশাক বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এসব কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের মধ্যে সহযোগিতা ও বিভিন্ন সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
কাজী জাহিদুল ইসলাম অভির দাবি, গত ১২ সেপ্টেম্বর হাজিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে সংগঠনের সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রায় ৭ থেকে ৮ হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। তাঁর প্রতি ভালোবাসা ও সমর্থন থেকেই সাধারণ মানুষ ওই মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে উপস্থিত কাউকে চাল, ডাল বা অন্য কোনো সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ওই সভাকে কেন্দ্র করে চাল-ডাল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল—এমন যে গুঞ্জন বা অপবাদ ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাঁর দাবি, একটি কুচক্রী মহল তাঁর সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে নস্যাৎ ও বানচাল করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।
কাজী জাহিদুল ইসলাম অভি আরও বলেন, সংগঠনের পক্ষ থেকে সদস্যদের সহযোগিতা কার্যক্রম চলমান রয়েছে। যেসব সদস্য এখনো সহযোগিতা পাননি, পর্যায়ক্রমে তাদেরও সহযোগিতা করা হবে। কোনো বড় ধরনের কার্যক্রম একদিনে সম্পন্ন করা সম্ভব নয়; এজন্য সময়ের প্রয়োজন।
তিনি তাঁর সামাজিক কর্মকাণ্ড নিয়ে মিথ্যা অপবাদ ও সমালোচনার নিন্দা জানান এবং গত ১৪ সেপ্টেম্বর ‘জনপদ নিউজ ২৪ মঠবাড়ীয়া’য় প্রকাশিত ‘চাল, ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ’ শিরোনামের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।