
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার কদমতলা নূরানীগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে কদমতলা নূরানীগেট বাজারসংলগ্ন নাজিরপুর থেকে পিরোজপুরগামী সড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুমারখালী এলাকার অনিক মৃধা নয়ন (৩২) এবং শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকার রিজওয়ান সরদার (২৩)।
এজাহার সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর ডিবি পুলিশের একটি দল অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালাচ্ছিল। রাত ৭টা ২০ মিনিটের দিকে কদমতলা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নূরানীগেট বাজার এলাকায় সড়কের পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।
পরে রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় প্রকাশ করে।
এজাহারে আরও বলা হয়, উপস্থিত সাক্ষীদের সামনে আটক দুজনের দেহ তল্লাশি করা হয়। এ সময় অনিক মৃধা নয়নের পরিহিত হাফপ্যান্টের সামনের ডান পকেট থেকে এয়ারটাইট পলিপ্যাকে রাখা ১০পিস এবং রিজওয়ান সরদারের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে আরও ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট সংখ্যা ২০ পিস এবং আনুমানিক মূল্য ৮ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার এসআই সৌরভ কুমার দাসের দায়ের করা এজাহারে বলা হয়েছে,উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। রাসায়নিক পরীক্ষার জন্য ইয়াবার নমুনাও পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে হেফাজতে নিয়ে আরও মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে এজাহারকারী ডিবি পুলিশের এসআই সৌরভ কুমার দাসের এজাহারে বলা হয়েছে,গ্রেপ্তার দুই আসামি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজুর জন্য আবেদন করা হয়েছে।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।