
মোঃ নুরুজ্জামান খোকন;কাউখালী(পিরোজপুর);
পিরোজপুরের কাউখালীতে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রোববার(৬ সেপ্টেম্বর)বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো.রাইসুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না,মানসিক ও শারীরিক বিকাশের জন্য ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। মাদক ও সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এ ধরনের প্রতিযোগিতা থেকেই আগামী দিনের সফল ক্রীড়াবিদ তৈরি হবে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম।
এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বালক ও বালিকা পৃথক বিভাগে দাবা,কাবাডি,হ্যান্ডবল ও সাঁতার-এ চার ইভেন্টে শিক্ষার্থীরা তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য বিশেষ গাইডলাইন দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক,রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো:তানভীর আহমেদ,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কিরণ চন্দ্র হালদার,সাধারণ সম্পাদক মো:শামসুর রহমান মিজান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।