মোঃ নাসিরউদ্দিন, স্টাফ রিপোর্টার, মোহনপুর (রাজশাহী);
রাজশাহীর মোহনপুর উপজেলায় ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ (টিএসএ) প্রস্তুতের লক্ষ্যে খানাভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মিজ জাজরীন নাহার।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের আতানারায়ন মৌজায় চলমান এ তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাস্তবায়নাধীন ‘পর্যটন সম্পর্কিত পরিসংখ্যানের পরিধি ও প্রভাব নিরূপণ’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন
পরিদর্শনকালে উপসচিব জাজরীন নাহার আতানারায়ন মৌজার বিভিন্ন পরিবারের কাছে গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় তিনি তথ্য সংগ্রহের পদ্ধতি ও নির্ভুলতা যাচাই করেন এবং তথ্য প্রদানকারী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
পাশাপাশি সঠিক ও নির্ভরযোগ্য উপাত্ত নিশ্চিত করতে তথ্য সংগ্রাহক ও মাঠপর্যায়ের গণনাকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় রাজশাহী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালকসহ স্থানীয় পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পর্যটন খাতের অবদান নিরূপণে বিশেষ উদ্যোগ
দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান নিরূপণের লক্ষ্যে ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ (Tourism Satellite Account—TSA) প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কার্যক্রমের মাধ্যমে দেশীয় পর্যটকদের ভ্রমণের ধরন, ভ্রমণের সংখ্যা ও ব্যয়ের বিভিন্ন খাত সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে পর্যটন খাতের অবদান এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ খাতের ভূমিকা পরিমাপের জন্য নির্ভরযোগ্য উপাত্ত তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব তথ্য ভবিষ্যতে পর্যটন খাতের টেকসই উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সঠিক তথ্য প্রদানের আহ্বান
পরিদর্শন শেষে উপসচিব জাজরীন নাহার বলেন, জাতীয় পর্যটন নীতিমালা প্রণয়ন এবং দেশের পর্যটনশিল্পের প্রকৃত সম্ভাবনা তুলে ধরতে নির্ভুল পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। এ জন্য তিনি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের তত্ত্বাবধানে মোহনপুর উপজেলায় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে পর্যটন খাত সম্পর্কে নির্ভরযোগ্য পরিসংখ্যান তৈরির পাশাপাশি জাতীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়নের জন্য প্রয়োজনীয় তথ্যভান্ডার গড়ে তোলা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।