মোঃ আঃ কুদ্দুস ,মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৪ জন এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৩৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪:০০টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মোট ১৮৭ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের অর্জিত মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে। একই সঙ্গে পিতা-মাতার প্রতি দায়িত্বশীল হওয়া এবং তাঁদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন,গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা ব্যাহত করতে এখনো ষড়যন্ত্র চলছে তবে বিএনপির নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এসব অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। লেখাটির ধারাবাহিক
শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভালো ফলাফল অর্জনে শিক্ষক-অভিভাবকদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশকে রক্ষায় প্রয়োজনে অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫৪ জন এবং ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৩৩ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সভাপতি আ. হান্নান শেখ ও উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, কৃতী শিক্ষার্থীদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।