
(পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের এক দিন পর বিপুল সিকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ১০ নম্বর সারেংকাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি নির্জন স্থান থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত বিপুল সিকদার সারেংকাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার বিনোদ সিকদার ও শান্তি সিকদারের ছেলে।
নিখোঁজ ও লাশ উদ্ধার
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,গত রবিবার (১১ অক্টোবর) বেলা আনুমানিক ১১টার দিকে বিপুল সিকদার নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাননি।
সোমবার সকালে স্থানীয় এক ব্যক্তি ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে বিপুল সিকদারের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর ডাকচিক্কারে স্থানীয়রা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের বক্তব্য,বিপুল সিকদারের মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এটি দুর্ঘটনা,স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো অপরাধমূলক ঘটনা বা হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে—তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেছারাবাদ থানা পুলিশ জানায়,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কি না,তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।