
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান শাওন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৯অক্টোবর) সন্ধ্যা ৭:৩০ মিনিটে কাউখালী শিয়ালকাঠী চৌরাস্তা এলাকা থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান শাওন ৩ নং সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আইরনজাপুর্সী গ্রামের মো: খলিলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ২নং ওয়ার্ডের উজিলখান ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় ব্যবসাসহ বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদে জানতে পেরে ডিবি পুলিশের এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি চৌকস টিম কাউখালী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মেহেদী হাসান শাওনকে চ্যালেঞ্জ করলে তার কাছে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক রাতে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের এই ধরণের যৌথ ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।