
মোঃ নুরুজ্জামান খোকন, পিরোজপুর:
পিরোজপুরের নাজিরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২১ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক দর্জি ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বেকার যুব নারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮অক্টোবর) বেলা ২টা ৩০ মিনিটে নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুরের উপপরিচালক মোঃ আবদুল হাই মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মনিউল হাসান এবং নাজিরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,গত ৫ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা হয়। পরে ৬ অক্টোবর আবেদনকারীদের যাচাই- বাছাই শেষে ৩০জন যুব নারীকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা বলেন, বর্তমান সময়ে কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ বেকারত্ব নিরসন এবং নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্জি ও সেলাইয়ের মতো ব্যবহারিক প্রশিক্ষণ অর্জনের মাধ্যমে নারীরা নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। এতে একদিকে যেমন তাঁদের ব্যক্তিগত আর্থিক সক্ষমতা বাড়বে, অন্যদিকে পরিবারের আর্থিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ, সময়ানুবর্তিতা,শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি নিয়মকানুন মেনে প্রশিক্ষণ সম্পন্ন করার আহ্বান জানান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেন বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম লক্ষ্য হলো যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা। প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুব নারীরা হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা নিজ উদ্যোগে সেলাইয়ের কাজ শুরু করতে পারবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।
তিনি আরও জানান,প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে যাতায়াত ভাতা প্রদান করা হবে এবং প্রত্যেককে সনদপত্র দেওয়া হবে। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ সাপেক্ষে প্রশিক্ষণার্থীদের সর্বনিম্ন ৫ শতাংশ সুদে ঋণ গ্রহণের সুযোগ রয়েছে। এ সুবিধা কাজে লাগিয়ে তাঁরা ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণের বিভিন্ন নিয়মকানুন,শৃঙ্খলা,সরকারি বিধিনিষেধ এবং প্রশিক্ষণকালীন করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ২০২৬-২৭ অর্থবছরে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নাজিরপুরে ২১ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন,এ প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচিত ৩০জন যুব নারী দর্জি ও সেলাইয়ের কাজে দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। পাশাপাশি তাঁদের উদ্যোগ ভবিষ্যতে অন্য নারীদের কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়ক হবে।