
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের হুলারহাটের গুয়াবাড়িয়া এলাকায় নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছে আটকে পড়ে হায়দার শেখ (৫০)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩৫ থেকে ৪০ ফুট উঁচু নারিকেল গাছ থেকে মরদেহটি কৌশলে উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
২৯ সেপ্টেম্বর(মঙ্গলবার) সকালে পিরোজপুর পৌরসভার হুলারহাট এলাকার গুয়াবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত হায়দার শেখ পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া, হুলারহাট ৯নম্বর ওয়ার্ডের মৃত শহীদ আলী শেখের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর পিরোজপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো.শোয়েবের নেতৃত্বে ফায়ার ফাইটার মো. রাছেল শেখ ও নাজমুল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে রশির সাহায্যে প্রায় ৩৫ থেকে ৪০ ফুট উঁচু নারিকেল গাছ থেকে কৌশলগতভাবে মরদেহটি নিচে নামানো হয়। পরে মরদেহটি নিহতের স্বজন ও পিরোজপুর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার অভিযানে ফায়ার ফাইটার মো.রাছেল শেখ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পিরোজপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো.শোয়েব বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। নারিকেল গাছে ঝুলে থাকা কৃষককে নিরাপদে নিচে নামানো হয়। তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে মরদেহ পরিবারের সদস্য ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি বিদ্যুৎ সংযোগের আশপাশে গাছপালা পরিষ্কার বা গাছে ওঠার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের বিষয়ে নতুন করে সচেতনতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাছাকাছি গাছে ওঠার আগে বিদ্যুৎ সংযোগের ঝুঁকি যাচাই এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকিপূর্ণ অবস্থায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে মরদেহ স্বজন ও পুলিশের কাছে হস্তান্তরের মধ্য দিয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের দায়িত্বশীলতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন।