মোঃ নুরুজ্জামান খোকন, (পিরোজপুর)প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ প্রসেনজিৎ আচার্য্য (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী এলাকার বেলতলা স্টিল ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
আটক প্রসেনজিৎ আচার্য্য উপজেলার কচুয়াকাঠী (বলভদ্রপুর) এলাকার মানিক লাল আচার্য্যের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার এসআই (নিঃ) মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ মোস্তফা কামাল,এএসআই (নিঃ)মোঃ মনিরুজ্জামান এবং কনস্টেবল মোঃ আমির হোসেনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রসেনজিৎ আচার্য্যের কাছ থেকে ৬০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।