এম এ রাজ্জাক (সুমন)
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে মানবিক উদ্যোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘৯৪ ব্যাচ ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়’। সংগঠনটির উদ্যোগে চলতি বছরের জন্য ২০ জন শিক্ষার্থীর এক বছরের বিদ্যালয় ফি পরিশোধ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন খসরুর হাতে শিক্ষার্থীদের এক বছরের বেতনের অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেন সংগঠনের সদস্য সচিব মনজুরুল হাসান শাহীন, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সাত্তার ও মনির হোসেন মানিক। এ সময় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোবারকউল্লাহ, সহকারী শিক্ষক আসলাম শেখ এবং সংগঠনের সদস্য আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
সংগঠন সূত্রে জানা যায়, আর্থিক অসচ্ছলতার কারণে যেন কোনো শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেই লক্ষ্যেই ২০২৪ সালে ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরের বছর ৩০ জন এবং ২০২৬ সালে আরও ২০ জন শিক্ষার্থী এ সহায়তার আওতায় এসেছে। ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের পাশে থাকার এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সংগঠনের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল জানান, পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার ইতোমধ্যে তিন বছর সফলভাবে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের সার্বিক প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় ভবিষ্যতে সহায়তার ধরনে পরিবর্তন আনা হতে পারে।
প্রধান শিক্ষক হোসেন খসরু বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এমন দায়িত্বশীল উদ্যোগ শুধু শিক্ষার্থীদের আর্থিক সহায়তাই নয়, তাদের লেখাপড়ায় নতুন অনুপ্রেরণাও যোগাবে। তিনি ‘৯৪ ব্যাচ’-এর সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এম এ রাজ্জাক (সুমন)
দৈনিক বাংলার আলো
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
০১৭২৫০৩৯৩০০