এম এ রাজ্জাক (সুমন)
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের লৌহজং উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ। এ সময় উপজেলার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং প্রশাসন-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ইউএনও ফারজানা ববি মিতুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের লৌহজং উপজেলা ইউনিটের প্রধান (অস্থায়ী) মো. মিজানুর রহমান ঝিলু, সদস্য সচিব শেখ মো. সোহেল রানা এবং সদস্য মো. তাজুল ইসলাম রাকিব, আবু বক্কর সিদ্দিক খান, মো. শরীফ হোসেন, এম এ রাজ্জাক (সুমন) ও মো. কাউসার শেখ।
আলোচনায় লৌহজং উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সম্ভাবনাময় খাত, জনসচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রম গণমাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরার বিষয় গুরুত্ব পায়। একই সঙ্গে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগে জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
ইউএনও ফারজানা ববি মিতু বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নমূলক কার্যক্রম, সরকারি সেবা এবং জনকল্যাণের তথ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কাম্য।
এ সময় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দও সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁরা এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিরপেক্ষভাবে গণমাধ্যমে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং জনকল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে শেষ হয়।
এম এ রাজ্জাক (সুমন)
দৈনিক বাংলার আলো
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
০১৭২৫০৩৯৩০০