এম এ রাজ্জাক (সুমন)
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালীমান্দ্রা বাজার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধসংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন গোয়ালীমান্দ্রা (মৌছামান্দ্রা) গ্রামের মো. ইয়াছিন (২১)। তল্লাশির সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লৌহজং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দেরও মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।