এম এ রাজ্জাক (সুমন)
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর এলাকায় গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের মাধ্যমে একটি সক্রিয় মাদক চক্রের চালান আটক করা সম্ভব হয়েছে।
রোববার দিবাগত রাত প্রায় ২টার দিকে সদর থানার মুক্তারপুর টোলগামী সড়কের এশিয়া মিলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্বপাড়া এলাকার এনামুল হক (২৩) ও মো. শাহিন হাসান (২২)।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম জানান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাকের নেতৃত্বে এসআই কামরুল হাসান, এএসআই দীপক কুমারসহ একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন পিকআপ ভ্যানটি থামায়। পরে তল্লাশি চালিয়ে তিনটি স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কুমিল্লা-ন-১১-০৭৭৪ নম্বরের নেভি ব্লু রঙের পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা জানতে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।
এম এ রাজ্জাক (সুমন)
দৈনিক বাংলার আলো
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
০১৭২৫০৩৯৩০০