পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী দেওনাখালী বালু মহাল হঠাৎ বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজারো ব্যবসায়ী ও শ্রমিক। সরকারের খাস ইজারার মাধ্যমে বৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করা হলেও কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই মহালটি বন্ধ রাখার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বালু মহাল মালিক সমিতির সভাপতি সরোয়ার হোসেন হাওলাদার বলেন, আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বৈধ ব্যবসা করে আসছি, কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আমাদের মহালটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, শ্রমিক প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, তৈল ব্যবসায়ী মোঃ রাসেল শেখ এবং বোর্ড ব্যবসায়ী মোঃ বেলায়েত শেখ।
সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ জানান, বিগত ৪০ থেকে ৫০ বছর ধরে এই মহাল থেকে বালু উত্তোলন করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হয়ে আসছে। এটি বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং পিরোজপুর জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের ইজারার মাধ্যমে পরিচালিত একটি সম্পূর্ণ বৈধ বালু মহাল।
ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং নিয়ম মেনেই জেলা প্রশাসনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছেন। নির্দিষ্ট সময়ে ইজারার অর্থ পরিশোধে কিছুটা বিলম্ব হওয়ায় পূর্বে ইজারা বাতিল করা হলেও, পরবর্তীতে গত ছয় মাস ধরে সরকারি খাস ইজারার মাধ্যমে সরকার নির্ধারিত স্থান থেকেই তারা বৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত ২৮ অক্টোবর জেলা প্রশাসন কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়ে হঠাৎ করেই বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেয়। কারণ জানতে চাইলে দু-একদিনের মধ্যে জানানোর আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ দিনেও কোনো সদুত্তর মেলেনি।
অন্য একটি মহাল নদী ভাঙনের কারণে বন্ধ ঘোষণা করা হলেও দেওনাখালী মহালের তিন পাশেই বালুর চর রয়েছে এবং এখানে অদ্যাবধি কোনো তীর ভাঙেনি বলে জানান বক্তারা। এই মহালের মোহনা থেকে মংলা বন্দর পর্যন্ত ঢাকাগামী বিভিন্ন লাইটার জাহাজ ও শত শত নৌযান চলাচল করে। মহালটি বন্ধ থাকলে নদীর নাব্য সংকট ও নৌযান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সরকার প্রতি বছর দুই থেকে আড়াই কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। এছাড়া এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ৩ থেকে ৫ হাজার শ্রমিক ও ব্যবসায়ী বর্তমানে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলন থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বালু মহাল মালিক সমিতির সভাপতি সরোয়ার হোসেন হাওলাদার ঘোষণা করেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেওনাখালী বালু মহাল চালুর ব্যবস্থা করা না হলে শ্রমিকদের সাথে নিয়ে পিরোজপুর জেলা অফিসের সামনে অবস্থানসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। সৎ ও হালাল উপায়ে জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা