মোঃ আঃ কুদ্দুস,মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। তাঁকে ঘিরে নতুন রাজনৈতিক প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে। একই সঙ্গে এলাকার সাধারণ মানুষের একটি অংশের মধ্যেও তাঁকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখার আগ্রহ ও প্রত্যাশার কথা শোনা যাচ্ছে।
মনোহরদী ও বেলাবো উপজেলার বিভিন্ন এলাকায় তাঁকে নিয়ে আলোচনা চলছে। স্থানীয়দের অনেকে মনে করছেন, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে এলাকার রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। বিশেষ করে দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে তাঁর কাছে প্রত্যাশা ব্যক্ত করছেন অনেকে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নরসিংদী-৪ আসনের রাজনীতিতে নেতৃত্বের প্রশ্নটি বরাবরই গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের মানুষের প্রত্যাশা—যিনি এলাকার মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারবেন এবং সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকবেন, এমন নেতৃত্বই তাঁরা দেখতে চান।
আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে, তা আগামী দিনে স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন আলোচনার বিষয়। তবে মানুষের প্রত্যাশা পূরণে সাংগঠনিক দক্ষতার পাশাপাশি জনসম্পৃক্ততা ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই হবে তাঁর জন্য বড় চ্যালেঞ্জ।
সব মিলিয়ে মনোহরদী-বেলাবোর রাজনৈতিক অঙ্গনে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে ঘিরে নতুন প্রত্যাশা ও আলোচনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, এই প্রত্যাশা কতটা বাস্তব রূপ পায়।