নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে পিকআপ থামিয়ে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় কৃষকদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ৯ লাখ ৩ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়া থেকে ভাঙারি মালামাল বিক্রির টাকা নিয়ে ফেরার পথে পিকআপ বিকল হলে চালক ও ব্যবসায়ীর ব্যবস্থাপককে মারধর করে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, ঘটনার আট ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে মুন্না, রবিন ও পিকআপচালক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিন উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক।
বুধবার (৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইয়ের পরিকল্পনা ও ঘটনায় জড়িত থাকার তথ্য দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে রবিনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।