এম এ রাজ্জাক (সুমন);
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
“চোখ ছাড়া একটি জীবন সম্পূর্ণ অন্ধকার”—এই উপলব্ধি থেকে কুমারভোগ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কাউসার তালুকদারের সার্বিক সহযোগিতায় ও নিজস্ব অর্থায়নে সম্প্রতি কুমারভোগ খেলার মাঠে অনুষ্ঠিত ফ্রি চক্ষু শিবিরের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে শ্রীনগরের স্বপ্ন আই কেয়ার সেন্টারে ১০ জন চক্ষু রোগীর ফ্রি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।
জানা যায়, ওই শিবিরে কুমারভোগ ও আশপাশের ইউনিয়নের বিপুল সংখ্যক চক্ষু রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা ও মেডিকেল পরামর্শ দেওয়া হয়। সেখান থেকে বাছাই করা ২০০ জন রোগীকে সম্পূর্ণ ফ্রিতে ছানি অপারেশনের আশ্বাস দেন কাউসার তালুকদার। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে প্রথম ধাপে ১০ জনের অপারেশন সম্পন্ন হলো।
অপারেশন শেষে মোঃ কাউসার তালুকদার দৈনিক মুন্সিগঞ্জ সংবাদকে বলেন, “আমি কথা দিয়েছিলাম ২০০ জন রোগীকে সম্পূর্ণ ফ্রিতে চোখের ছানি অপারেশন করাব। আজ প্রথম ১০ জনের মাধ্যমে কর্মসূচি শুরু করলাম। এখন থেকে প্রতি সপ্তাহে ১০ জন করে ২০০ রোগীর চিকিৎসা সম্পন্ন করব, ইনশাল্লাহ। “চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, তালুকদার তাদের অপারেশন সম্পূর্ণ ফ্রি করিয়ে দিচ্ছেন। তারা বলেন, “তার পরিবার দীর্ঘদিন ধরে সমাজসেবায় নিয়োজিত; আমরা আগামী নির্বাচনে কাউসার তালুকদারকেই চেয়ারম্যান হিসেবে চাই।”
অপারেশন পরিচালনা করেন স্বপ্ন আই কেয়ার সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডা. মো. আসাদুজ্জামান (এমবিবিএস, এফসিপিএস—চক্ষু; স্পেশাল ট্রেইন্ড রিফ্যাক্টিভ সার্জারি, ত্রিনেত্রালয়, ভারত; গোল্ড মেডেলিস্ট)। তিনি বলেন, “এমন মহৎ কাজের অংশ হতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কাজে থাকব। কোনো রোগী টাকার অভাবে যেন ফিরে না যায়—আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।” এ সময় তার সঙ্গে ছিলেন ডা. শারমিন জাহান (এমবিবিএস, এমএস—চক্ষু), ডা. মোছাদ্দেক নান্না মিয়া (সিনিয়র মেডিকেল অফিসার) প্রমুখ। উপস্থিত ছিলেন মোহাম্মদ জলিল ফকির, মো. সোহাগ বেপারী, মোহাম্মদ শাহিন খান, মোহাম্মদ নজরুল শেখ ও মো. আলতাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।