ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় এক কৃষকের বাড়িতে ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দুর্বৃত্ত দল পানি পানের অজুহাতে কৃষক আব্দুল মালেকের ঘরে ঢোকে। এরপর তারা ধারালো অস্ত্রের (বড় হাসুয়া) ভয় দেখিয়ে পরিবারের চার সদস্যকে জিম্মি করে বেঁধে ফেলে। পরে দুর্বৃত্তরা ঘর থেকে নগদ ১ হাজার টাকা, ১৪ আনা স্বর্ণালঙ্কার, ৯ ভরি রুপার গহনা, একটি টেলিভিশন, ৩টি মোবাইল ফোন এবং একটি টেবিল ফ্যান লুট করে নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী কৃষক আব্দুল মালেক জানান, “মুখোশ পরা দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের মুখে আমাদের হাত-পা বেঁধে ফেলে নগদ টাকা, সোনা-রুপার গহনা ও মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে।”
খানমরিচ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আঁধারে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এই লুটপাট চালানো হয়েছে। তিনি ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তার জন্য থানায় যোগাযোগের পরামর্শ দিয়েছেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, “সংবাদ পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে ৪-৫ জন লোক জোরপূর্বক ঢুকে কিছু নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে গেছে। আইনগত দৃষ্টিতে এটি ডাকাতি নয়, দস্যুতার ঘটনা। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”