সংবাদ প্রকাশে বাধা ও সাংবাদিকদের টাকা দেওয়ার চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চায় পরিবার
স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মবুপুর গ্রামে ১২ বছর বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সামাজিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত সালিশ অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এদিকে সংবাদ সংগ্রহে যাওয়া সংবাদকর্মীদের বাধা এবং সংবাদ প্রকাশ না করার শর্তে টাকা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, গত ৮ নভেম্বর (রোববার) রাত আনুমানিক ৮টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত যুবক তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাঁকে জোরপূর্বক জড়িয়ে ধরে যৌন নির্যাতন করেন এবং তাঁর পরনের পোশাক ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ করেন কিশোরী।
কিশোরীর ভাষ্য, তাঁর চিৎকার শুনে আশপাশ থেকে লোকজনের সাড়া পাওয়ার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত তাঁকে বিভিন্ন সময় রাস্তাঘাটে উত্ত্যক্ত করতেন বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর বাবার ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে অভিযুক্ত তাঁর বাড়িতে এসে বিড়ি ধরানোর জন্য আগুন নিয়ে যান। পরে মেয়েটি পাশের একটি বাড়ি থেকে সুতার কাজ করে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে তিনি জানতে পেরেছেন।
সংবাদ সংগ্রহে বাধা ও টাকা দেওয়ার চেষ্টার অভিযোগ
ঘটনার তথ্য সংগ্রহ করতে সংবাদকর্মীরা ঘটনাস্থলে যান। তথ্য সংগ্রহ শেষে ফিরে আসার সময় স্থানীয় পরিচয় দেওয়া প্রায় ৫ থেকে ৭ জন ব্যক্তি তাঁদের পথরোধ করেন এবং সংবাদ প্রকাশ না করার জন্য চাপ দেন বলে অভিযোগ।
সংবাদকর্মীদের অভিযোগ, প্রথমে ৩ হাজার টাকা এবং পরে ৪ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে বিষয়টি প্রকাশ না করে চলে যাওয়ার অনুরোধ করা হয়। তবে তাঁরা কোনো টাকা গ্রহণ করেননি। দীর্ঘ সময় আলোচনার পর পরদিন সকালে বিষয়টির সুষ্ঠু সমাধান এবং অভিযুক্তের বিরুদ্ধে সামাজিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে রাত আনুমানিক ১২টার দিকে সংবাদকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
সালিশের আশ্বাস, পরে আর সাড়া মেলেনি
পরদিন ৯ নভেম্বর স্থানীয় বিএনপি নেতা আলামিন, আনোয়ার, ছাত্রদল নেতা সুমন ও করিম নামের কয়েকজন সামাজিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন বলে ভুক্তভোগী পরিবারের দাবি।
পরিবারের অভিযোগ, এ সময় তাঁদের আইনি পদক্ষেপ না নিয়ে সামাজিকভাবে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়। প্রথমে ৯ নভেম্বর রাতে সালিশের সময় নির্ধারণ করা হলেও বৃষ্টির অজুহাতে তা স্থগিত করা হয়। পরে ১০ নভেম্বর বাদ মাগরিব নতুন করে সালিশের সময় নির্ধারণ করা হয়।
নির্ধারিত সময়ে ভুক্তভোগীর বাবা কয়েকজনকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকলেও দীর্ঘ সময় সালিশিদের কোনো সাড়া পাননি। পরে রাত আনুমানিক ১০টার দিকে ফোনে যোগাযোগ করা হলে সালিশিরা জানান, সাংবাদিকরা উপস্থিত থাকলে সালিশ হবে না।
ভুক্তভোগীর পরিবারের দাবি, সাংবাদিকরা উপস্থিত থাকবেন না—এমন আশ্বাস দেওয়ার পরও সালিশ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আর কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ঘটনার পর থেকে সালিশের নামে সময়ক্ষেপণ এবং আইনি পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
একটি শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ কোনোভাবেই সামাজিক সালিশের মাধ্যমে চাপা দেওয়ার বিষয় নয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত, শিশুর সুরক্ষা এবং আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা জরুরি।