নবগঠিত কমিটিকে ‘সমন্বয়হীন’ বললেন সাইদুর রহমান লিটন;
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। কমিটি গঠনে স্বচ্ছতা, সাংগঠনিক নিয়মনীতি এবং দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা। কয়েকটি ইউনিয়নে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে; পদত্যাগ করেছেন কয়েকজন নেতা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন নবগঠিত কমিটিগুলোকে ‘সমন্বয়হীন’ বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যথাযথ আলোচনা ও সমন্বয় ছাড়াই এসব কমিটি গঠন করা হয়েছে।
লিটন বলেন, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং দেবিদ্বার উপজেলা বিএনপির নেতাদের সমন্বয়ে ইউনিয়নভিত্তিক বর্ধিত সভা আয়োজনের পরিকল্পনা ছিল। এসব সভায় স্থানীয় নেতাকর্মীদের মতামত, সাংগঠনিক যোগ্যতা, রাজনৈতিক ত্যাগ এবং দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা বিবেচনা করে গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠনের কথা ছিল। তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন না করে সংশ্লিষ্টদের অবগত না করেই কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সাইদুর রহমান লিটন বলেন, “আমি চেয়েছিলাম দেবিদ্বারে বিএনপির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হোক। গত ১৭ বছর যারা মামলা, হামলা ও জেল-জুলুম সহ্য করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁদের নিয়ে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি গঠন করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে না জানিয়েই কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের সমন্বয়হীন কমিটি গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
এদিকে, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগমও কমিটি গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জু সরকার অভিযোগ করেন, কমিটি গঠনের প্রক্রিয়ায় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা রয়েছে এবং এর ফলে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে। তাঁর এ বক্তব্য ঘিরেও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
কমিটি নিয়ে অসন্তোষের মধ্যেই বিভিন্ন ইউনিয়নে পদত্যাগের ঘটনাও ঘটেছে। গত ১২ নভেম্বর ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে পদ্মকোট বাজারসংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
অন্যদিকে, গত ১৪ নভেম্বর দেবিদ্বারের ৪ নম্বর সুবিল ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে ছয় নেতা পদত্যাগের ঘোষণা দেন। দেবিদ্বার নিউমার্কেট এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, স্বজনপ্রীতি এবং অর্থের বিনিময়ে পদ বণ্টনের অভিযোগ তোলেন। তাঁরা জানান, বিএনপি থেকে নয়—শুধু ইউনিয়ন আহ্বায়ক কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজউল হাসান মুন্সি বলেন, “দেবিদ্বারে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করা হচ্ছে—আমি জানি না। ফেসবুকে দেখতে পেয়েছি, আওয়ামী লীগের সঙ্গে যাদের সম্পর্ক আছে, ওই লোকগুলোকে আহ্বায়ক কমিটির পদে নেওয়া হচ্ছে।”
কুমিল্লা উত্তর জেলার সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীর অভিযোগ, “ত্যাগীদের বাদ দিয়ে ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করছেন আউয়াল-জসিম গ্রুপ। তাঁদের আত্মীয় ও নিজেদের লোক দিয়ে কমিটি গঠন করা হচ্ছে। বিএনপির ত্যাগীরা বাদ পড়ে যাচ্ছেন। এতে দেবিদ্বারে বিএনপি ধ্বংস হচ্ছে।”
দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ইউনিয়ন কমিটি গঠনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। তাঁর মতে, এভাবে কমিটি গঠন অব্যাহত থাকলে দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে।
তৃণমূল নেতাকর্মীদের আশঙ্কা, কমিটি নিয়ে অসন্তোষের দ্রুত সমাধান না হলে দেবিদ্বার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় ঐক্য এবং সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁদের দাবি, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের মতামত ও অবদান বিবেচনায় নিয়ে কমিটিগুলো পুনর্বিবেচনা করা হোক।
এ পরিস্থিতিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিষয়টি তুলে ধরার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের প্রস্তাব, সংশ্লিষ্ট ইউনিয়নে বর্ধিত সভা করে তৃণমূলের মতামত নিতে হবে এবং রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে কমিটি পুনর্গঠন করতে হবে। যাঁদের বিরুদ্ধে বিতর্কিত পরিচয় বা দলীয় অনুপ্রবেশের অভিযোগ রয়েছে, তা নিরপেক্ষভাবে যাচাইয়েরও আহ্বান জানিয়েছেন তাঁরা।