সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ—সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান;
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এনজিও পপি-এর সহযোগিতায় ৩০০টি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেবিদ্বারের একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সুজনের দেবিদ্বার শাখার সভাপতি উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাজী খোরশেদ আলম ও রাসেল আল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানবিক চিকিৎসক ডা. মানছুরুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন পপি-এর সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মোহাম্মদ ইদ্রিস আলী, শাখা ব্যবস্থাপক শেখ ফয়সল, দেবিদ্বার উপজেলা সুজনের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম সরকার, পৌর শাখা সুজনের সভাপতি আলহাজ ডা. ফিরোজ আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহসিন, সুবিল ইউনিয়ন সুজনের সভাপতি হাজী ফারুক আহমেদ মোল্লা, সদস্য মোহাম্মদ কাইয়ুম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জহিরুল ইসলাম সরকার, সাংবাদিক নেছার উদ্দিন, আব্দুল্লাহ আল আলিম ও রাসেল সরকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, শোষণমুক্ত ও স্বনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্নের পূর্ণ বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি।
তাঁরা আরও বলেন, দুর্নীতি, অপরাধায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। একটি সুস্থ, সুন্দর ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সাধারণ মানুষকে আরও সচেতন, সংগঠিত এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া প্রকৃত সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
এদিকে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণে এনজিও পপি-এর সহযোগিতায় দেবিদ্বার উপজেলায় ৩০০টি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে এসব চারা রোপণ করা হবে। রোপণের পর চারাগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে দেবিদ্বার উপজেলা প্রশাসন, এনজিও ফোরাম দেবিদ্বার এবং টিম ওয়াহেদপুর।
বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নেও নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। একটি সুন্দর, বাসযোগ্য ও গণতান্ত্রিক সমাজ গঠনে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।