মো: সোহরাওয়ার্দী হোসেন
স্টাফ রিপোর্টার ;
রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং শ্রমিকদের সার্বিক কল্যাণে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের খেটে খাওয়া ও মেহনতী মানুষের নায্য অধিকার আদায় এবং তাদের জীবনমান উন্নয়নে নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মনজুর মোরশেদ, সহ-সভাপতি হিসেবে ইমরান খান এবং সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান নূর মনোনীত হয়েছেন।
সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ তাঁদের প্রতিক্রিয়ায় বলেন—
সভাপতি মনজুর মোরশেদ বলেন: “শ্রমজীবী মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে আমাদের এই কমিটি আজ অঙ্গীকারবদ্ধ। শ্রমিকদের ওপর যেকোনো ধরনের বৈষম্য ও শোষণ রোধে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সবসময় সোচ্চার থাকবে। দেশের প্রতিটি খাতের শ্রমিকদের ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাবো।”
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর বলেন: “ঐক্য, অধিকার ও মুক্তির স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আজ এক নতুন অধ্যায় শুরু করেছে। শ্রমিকদের নায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং আইনি অধিকার রক্ষায় আমরা রাজপথে ও টেবিলে সমানভাবে জোরালো ভূমিকা রাখবো। দেশের সাধারণ শ্রমিক ভাই-বোনদের আস্থার প্রতীক হয়ে উঠবে এই সংগঠন।”
সহ-সভাপতি ইমরান খান বলেন: “শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেগবান করতে আমাদের নবগঠিত কমিটি দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত কাজ করবে। শ্রমিকদের কল্যাণে সংগঠনের সাংগঠনিক কাঠামোগুলোকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আমরা বদ্ধপরিকর।”
‘ঐক্য • অধিকার • মুক্তি’ এবং ‘শ্রমিকের অধিকার, আমাদের অঙ্গীকার’—এই মূল মন্ত্র ধারণ করে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটি দেশের শ্রমিক সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।