এফডিইবি লালমনিরহাট জেলা কমিটি গঠন: সভাপতি নুরে আলম, সম্পাদক সেলিম রেজা
স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) লালমনিরহাট জেলা শাখার জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ কার্যবর্ষের জন্য ইঞ্জিনিয়ার মোঃ নুরে আলম সিদ্দিকীকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার মোঃ সেলিম রেজাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৮ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিইবি লালমনিরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আবু তাহের। তিনি নবগঠিত জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
ইঞ্জিনিয়ার মোঃ সেলিম রেজার সঞ্চালনায় এবং ইঞ্জিনিয়ার মোঃ নুরে আলম সিদ্দিকীর পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এফডিইবির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুছ ছাত্তার শাহ। তিনি সংগঠনকে আরও শক্তিশালী করা, প্রকৌশলীদের পেশাগত মানোন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নবগঠিত জেলা কমিটির প্রতি বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রকৌশলীদের ভবিষ্যৎ করণীয় বিষয়ে বক্তব্য দেন এফডিইবি লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।
এ ছাড়া বক্তব্য দেন জেলা শাখার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আবু আনোয়ার হোসেনসহ জেলা ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক ঐক্য জোরদার এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাপনী বক্তব্যে নবগঠিত জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নুরে আলম সিদ্দিকী উপস্থিত অতিথি ও প্রকৌশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সংগঠনের লক্ষ্য বাস্তবায়ন এবং প্রকৌশলী সমাজের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি হয়।