নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় বাসার বেলকনিতে খেলাধুলা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সৌউদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পত্নীতলা পল্লী বিদ্যুৎ-২ অফিসের পেছনে একটি তিনতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌউদ মহাদেবপুর উপজেলার শহররায় গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সৌউদসহ দুই শিশু ভবনটির বেলকনিতে খেলছিল। এ সময় বিদ্যুতের মূল লাইনের সংস্পর্শে থাকা একটি এসএস পাইপে হাত লাগলে সৌউদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। শিশুটির মা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তুলি পাল পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) উৎপলকে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।