দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে ৪ নম্বর সুবিল ইউনিয়ন বিএনপির নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন দলের ছয়জন শীর্ষ নেতা। ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা, স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে কমিটি গঠনের গুরুতর অভিযোগ তুলে তাঁরা এই সিদ্ধান্ত নেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে দেবিদ্বার নিউমার্কেট এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন, নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান হিরন এবং যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, গোলাম রাব্বানী, সোহেল নেয়ামত সরকার, মো. রিপন ও এম এ জলিল। তাঁদের দাবি, আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়া কমিটির বাকি সব যুগ্ম আহ্বায়কই পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে মামলা, হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হয়ে যাঁরা রাজপথে দলের রাজনীতি টিকিয়ে রেখেছেন, নবগঠিত কমিটিতে তাঁদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বরং কমিটিতে আত্মীয়করণ, বন্ধুবান্ধবকে প্রাধান্য দেওয়া এবং অর্থের বিনিময়ের মাধ্যমে পদ বণ্টনের অভিযোগ তোলেন তাঁরা।
তাঁরা আরও বলেন, বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যাঁদের মাঠে পাওয়া যায়নি, তাঁদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। অথচ দুঃসময়ের ত্যাগী নেতাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এই ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। তবে তাঁরা স্পষ্ট করে জানান, তাঁরা বিএনপি থেকে পদত্যাগ করছেন না, বরং ত্রুটিপূর্ণ এই আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাতে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরিত প্যাডে ৪ নম্বর সুবিল ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে কামাল হোসেনকে আহ্বায়ক এবং হানিফ ভূঁইয়াকে সদস্যসচিব করা হয়েছিল।
এদিকে পদত্যাগের এই বিষয়ের বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসীমউদ্দীন বলেন, “যেহেতু এটি স্বল্প সময়ের জন্য একটি আহ্বায়ক কমিটি, তাই পদের সংখ্যা সীমিত ছিল। সবাইকে কোনো না কোনোভাবে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে, তবে একটি পদে তো আর সবাইকে রাখা সম্ভব নয়। এই কমিটির পাশাপাশি ওয়ার্ড পর্যায়ের সব কমিটি জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “যাঁরা পদত্যাগ করেছেন, তাঁরা সবাই দলের নিবেদিতপ্রাণ কর্মী। পদ-পদবি নিয়ে মানুষের পছন্দ-অপছন্দ থাকতেই পারে। কেউ পদত্যাগ করতে চাইলে আমি তা গ্রহণ করব। তবে কাউন্সিল ও পূর্ণাঙ্গ কমিটিতে তাঁরা অন্য পদে প্রার্থী হতে পারতেন, এভাবে পদত্যাগ করাই সমাধান নয়।”