মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় চুরি হওয়া একটি ট্রাক এক রাতের মধ্যেই উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সুপারের নির্দেশনায় বিভিন্ন জেলার পুলিশের সমন্বিত তৎপরতা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকের মালিক মোঃ কাজল (৪৫)গত১২নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেট্রো-ট-১৪-৭১৯৭ নম্বরের ট্রাকটি নওগাঁ সদর মডেল থানাধীন রজাকপুর ট্রাক টার্মিনালে পার্কিং করে বাড়িতে যান।পরদিন ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা চোরেরা ট্রাকটির কেবিনের জানালার কাচ ভেঙে সেটি চালিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ বিষয়টি অবগত হয়। পুলিশ সুপার বিষয়টি জানার পরপরই নাটোর,বগুড়া ও জয়পুরহাট জেলা পুলিশসহ হাইওয়ে পুলিশকে সতর্ক করেন। এরপর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়।
পুলিশের ধারাবাহিক তল্লাশির মুখে চোরেরা ১৪ নভেম্বর রাত ১টার দিকে বগুড়া জেলার কাহালু থানাধীন কাহালু বেতার কেন্দ্রের সামনে পাকা সড়কের ওপর ট্রাকটি রেখে পালিয়ে যায়।
পরে ট্রাকের মালিক ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় পুলিশ ট্রাকটি উদ্ধার করে নওগাঁয় নিয়ে আসে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।