নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি;
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ঐতিহ্যবাহী রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।
ইউএনও আশিক আহমেদ জানান, অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে গেছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ চলছে। তালিকা প্রস্তুত শেষে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যানুযায়ী, বাজারের একটি খাবারের দোকান (হোটেল) থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
স্থানীয়দের ভাষ্য, রাত ১২টার দিকে হঠাৎ বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে একের পর এক দোকান আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়।
অন্যদিকে, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সহায়তার পাশাপাশি দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রয়োজনীয় সহযোগিতা পাবেন এবং আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হবে।